রাজারহাটে ইউপি নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি শুরু, শৃঙ্খলা ভঙ্গকারীদের দলে জায়গা হবে না
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
ছবি-ধরলা পোস্ট
শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম :
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে দলীয় প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে উপজেলা বিএনপি। নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। একই সঙ্গে দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন তাঁরা।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজারহাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন নেতারা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে কয়েকটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি বলেন, দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও ভেদাভেদ ভুলে রাজারহাট উপজেলার সাতটি ইউনিয়নেই বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের এখন থেকেই মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা সোহেল হোসনাইন কায়কোবাদ তাঁর বক্তব্যে দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, দলের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। শৃঙ্খলা ভঙ্গকারী যে-ই হোক না কেন, দলে তাঁর কোনো জায়গা হবে না। দলের স্বার্থে প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সাংগঠনিক নিয়মনীতি মেনে চলতে হবে।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম ভাটিয়া, জাকির হোসেন ও মুকুলসহ স্থানীয় নেতারা।
মতবিনিময় সভায় রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।